নিজের মানসিক স্বাস্থ্য আগে, না কেরিয়ার? কেন এই ইস্যুতে তোলপাড় হচ্ছে টেনিস দুনিয়া?

প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো, বিতর্কটা টেনিস দুনিয়ায় তৈরি হলেও আসলে জড়িয়ে আছে আমাদের সবার জীবনের সঙ্গে। অতিমারির কারণে রাতারাতি বদলেছে জীবন, আমরা সবাই কম-বেশি মানসিক চাপের মধ্যে রয়েছি। তার মধ্যে আছে কেরিয়ারের প্রেশার – চরম দোটানায় ছিন্নভিন্ন হচ্ছে মনের শান্তি। কিন্তু এতটা কি সত্যিই দরকারি?

ফরাসি ওপেনে এই প্রশ্নটাই তুলেছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। নাওমির বাবা হাইতির বাসিন্দা, মা জাপানি। মেয়েকে টেনিস শেখাতে তার তিন বছর বয়সেই ওসাকা দম্পতি আমেরিকায় বাসা বাঁধেন। আপাতত তিনি বিশ্বের দুই নম্বর তারকা। নাওমি ছোট থেকেই সোশাল অ্যাংজাইটির সমস্যায় ভোগেন, লোকজন, ভিড়, কারও সঙ্গে কথা বলা – কোনওটাতেই তিনি স্বচ্ছন্দ নন। টেনিস কোর্টে ঢোকার সময়েও তাঁর কানে হেডফোন লাগানো থাকে যাতে কোনও শব্দ তাঁর কানে না ঢোকে – মন শান্ত রাখার জন্যই তিনি এমনটা করেন বলে জানিয়েছেন ২৩-এর তরুণী।

প্রতিটি টুর্নামেন্টে সমস্ত তারকা প্লেয়ারকেই কিছু নিয়ম মেনে চলতে হয়। তার অন্যতম হচ্ছে, ম্যাচের শেষে প্রেসের সামনে আসা, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া। এটা কেবল টেনিস নয়, বিশ্বের যে কোনও খেলার ক্ষেত্রেই করতে হয়। নাওমি ফরাসি ওপেনের কর্মকর্তাদের কাছে এবার ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন যাতে তাঁকে এইবারটা রুটিন থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০১৮-র শেষ থেকে তিনি দীর্ঘসময় ডিপ্রেশনে ভুগেছেন। অতিমারির কারণে মানসিক চাপ আরও বেড়েছে। কোনও ম্যাচে জেতার পর মনে হচ্ছে সমস্ত এনার্জি নিংড়ে বের করে নেওয়া হয়েছে, হারলে মাথা তোলার শক্তি থাকছে না। এই অবস্থায় রোজ পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলন না করে তাঁর শেষ ম্যাচ খেলে সবার সব প্রশ্নের মুখোমুখি বসতে চেয়েছিলেন নাওমি। ফরাসি ওপেন কর্তৃপক্ষ তা নাকচ করায় টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন তিনি, প্রথম ম্যাচে দুরন্ত টেনিসের নমুনা দেখিয়েও। তার পর দীর্ঘ একটি ইনস্টা পোস্ট লিখেছেন ফ্যানেদের জন্য। তার মধ্যে খুব জরুরি কিছু পয়েন্ট আছে।

. মানসিক স্বাস্থ্য তাঁর কাছে সবচেয়ে জরুরি – কোনওভাবে, কোনও চাপের মুখেই তার সঙ্গে সমঝোতা করতে পারবেন না তিনি। মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে লঘু হতেও দেবেন না।

. সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন নাওমি, বলেছেন গ্র্যান্ড স্ল্যামের চাপ সামলে ওয়ার্ল্ড প্রেসের মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি তাঁর থাকে না। বার বার ক্যামেরার সামনে বসতে বা ‘পাবলিক স্পিকিং’ করতে তাঁর অসুবিধে হয় – মুখে কথা জোগায় না।

. আপাতত তিনি কোর্ট থেকে কিছুদিন দূরে থাকতে চান, ফিরে এসে এমন কিছু করবেন যাতে প্লেয়ার, কর্মকর্তা, সাংবাদিক, ফ্যান, স্পনসর সবাই খেলাটাকে নিজের মতো করে উপভোগ করতে পারেন।

সারা দুনিয়ার ক্রীড়াবিদরা নাওমির পাশে দাঁড়িয়েছেন এক বাক্যে। উসেইন বোল্ট, ভেনাস উইলিয়ামস থেকে আরম্ভ করে মার্টিনা নাভ্রাতিলোভা, বিলি জিন কিংরা তাঁর সাহসের প্রশংসা করেছেন। তিনি যে নানা চুক্তি বা রোজগারের কথা না ভেবে নিজের ভালো থাকাটাকেই এক নম্বরে রেখেছেন, তাতে সবাই মুগ্ধ।

লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, এই অবস্থায় নাওমির যাঁরা স্পনসর, তারা মুখ না ফিরিয়ে সমর্থন জুগিয়েছে। নাইকি বলেছে, নিজের মানসিক সমস্যার কথা প্রকাশ্যে বলার এই সাহসকে তারা কুর্নিশ জানায়। সুইস লাক্সারি ঘড়ির ব্যান্ড তাগ ইউয়ের জানিয়েছে, কেবল সাফল্যের শীর্ষে থাকা মুখটাই গুরুত্বপূর্ণ নয়, তার রোজের স্ট্রাগলটাকেও তারা জরুরি মনে করে। মাস্টারকার্ডের বক্তব্য হচ্ছে, কেরিয়ার নয়, ব্যক্তিমানুষের শরীর আর মনের দিক থেকে ভালো থাকাটাই সবচেয়ে জরুরি – নাওমির সাহসে তারা মুগ্ধ।

ফরাসি ওপেন কর্তৃপক্ষ নাওমিকে বিপুল টাকা ফাইন করেছে কনট্র্যাক্ট ভাঙার দায়ে – আপাতত তারাই কোণঠাসা। ফরাসি ওপেনের যারা স্পনসর, তারাও মুখে কুলুপ এঁটে রয়েছে।

মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের চিন্তাভাবনা যে বদলাচ্ছে, এটাই সবচেয়ে আশার কথা। কর্পোরেটগুলিও হয়তো ধীরে ধীরে বুঝতে আরম্ভ করবে যে অতিরিক্ত চাপ দিয়েই কর্মীদের থেকে সেরাটা আদায় করা যায় না। তার চেয়েও বড়ো কথা – সবার আগে সচেতন হতে হবে আপনাকেই। নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, আর কাউকে না। তা হলেই সবাইকে ভালো রাখতে পারবেন।

 

উড়ান ওয়েব ডেস্ক

Recent Posts

টোকিও অলিম্পিক ২০২০: কোভিড না ক্রীড়া – কে জিতবে?

টোকিয়ো অলিম্পিকের মতো আসর খেলার দুনিয়া এর আগে দেখেনি – এ নিয়ে কোনও সন্দেহ নেই।…

44 mins ago

কোথায় শুরু হবে কোভিড থার্ড ওয়েভ? কয়েকটি রাজ্য নিয়ে আশঙ্কা ঘনাচ্ছে

. ভারতের বেশিরভাগ রাজ্যেই কোভিড সংক্রমণের হার আগের চাইতে অনেকটা কমেছে। পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে…

4 hours ago

আর কতদিন চলবে কোভিডের দাপট? উত্তর দিলেন WHO প্রধান

অলিম্পিক এসে গিয়েছে একেবারে দোরগোড়ায়। ১৩৮তম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আয়োজিত এক আলোচনাসভায় আমন্ত্রিত WHO প্রধান…

21 hours ago

কবে নাগাদ খুলতে পারে স্কুল? কোন ক্লাসের পঠনপাঠন আগে চালু করার পরিকল্পনা হচ্ছে?

কোভিডের এই যে দুটো গোটা ঢেউ এল এবং গেলো, এর মধ্যে কিন্তু ইউরোপের বেশ কিছু…

1 day ago

রান্নায় কোন তেল ব্যবহার করা উচিত?

বাজারে হরেক রকমের ভোজ্য তেল দেখতে পাবেন – তার মধ্যে কোনটা রান্নায় ব্যবহার করলে শরীর…

1 day ago

আপনার বাচ্চা কি রোজের রান্না মোটেই খেতে চায় না?

বাচ্চার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার দায়িত্বটা মা-বাবাসহ বা পরিবারের সবার। ছোটো থেকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে…

2 days ago